Tokyo boishaki mela 2013 |
Protest in Japan |
Tokyo 21 Feb, 2013 |
Tui Rajakar-Shabag er sate ekattota goshona,Japan
তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র 'জাপানি বধূ'
ঢাকার মেয়ে হরিপ্রভা বসু মল্লিক আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯১২ সালে জাপানি নাগরিক উয়েমন তাকেদাকে বিয়ে করে জাপানে গিয়েছিলেন। হরিপ্রভা তাকেদা তাঁর জাপান ভ্রমণ নিয়ে একটি বই লেখেন, নাম বঙ্গমহিলার জাপান যাত্রা।
১৯১৬ সালে রবীন্দ্রনাথের জাপান যাত্রী বইটিরও চার বছর আগে অত্যন্ত চিত্তাকর্ষক হরিপ্রভার বইটি নিঃসন্দেহে কোনো ভারতবর্ষীয় নারীর জাপান সম্পর্কে লেখা প্রথম বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হরিপ্রভা আজাদ হিন্দ ফৌজের পক্ষেটোকিও রেডিও থেকে বাংলায় খবর পড়তেন।’ বললেন তানভীর মোকাম্মেল। হরিপ্রভার সেই জাপান ভ্রমণ নিয়ে এক ঘণ্টা দৈর্ঘ্যের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তিনি; নাম জাপানি বধূ।
তানভীর মোকাম্মেল আরও বললেন, ‘আসলে আমার বড় দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র ১৯৭১ শেষ করার পর ও নতুন কাহিনি নিয়ে ছবি শুরু করার আগে হাতে দু-তিন মাস সময় ছিল। ছবিটি করার জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে, যদিও ছবিটি তৈরির পরিকল্পনা আমার মনে প্রায় ১০ বছর ধরেই ছিল।’
প্রামাণ্যচিত্রটির জন্য গবেষণা করেছেন জাপানপ্রবাসী বাঙালি লেখক মনজুরুল হক ও জাপানি সাংবাদিক ওয়াতানাবে-সান। ক্যামেরায় কাজ করেছেন গোলাম মাসুম। সম্পাদনা করেছেন মহাদেব শি ও আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী।
হরিপ্রভা জাপানে যেসব জায়গায় ছিলেন ও ভ্রমণ করেছিলেন সেই কোবে, নাগোইয়া ও টোকিও শহরে, ভারতের কলকাতায় ও ঢাকায় ছবিটির শুটিং করা হয়।
হরিপ্রভার চোখে সেকালের জাপানের বর্ণনা ছবিটির ভাবনা হলেও মূল বিষয়বস্তু হলো, কেবল ভালোবাসা ও স্বামী-সংসারের টানে যেসব নারী ভিনদেশে এক ভিন্ন সংস্কৃতিতে গিয়ে বসতি গড়েন, সেসব সাহসী নারীর প্রতি পরিচালকের শ্রদ্ধা নিবেদন।
তানভীর মোকাম্মেল জানান, ছবিটির কাজ এ মাসেই শেষ হবে এবং আগামী মাসে দর্শকেরা ছবিটা দেখতে পারবেন।


















